
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং চরাঞ্চল, ফসলি জমি ও নদীভাঙন রোধে নির্মিত বাঁধ সুরক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার ফটু মার্কেট সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং দাবির পক্ষে স্বাক্ষর করেন।
কর্মসূচিতে লিখিত বক্তব্যে মো: কবির হোসেন বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চরাঞ্চল, ফসলি জমি ও নদীর তীর রক্ষায় নির্মিত বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অবিলম্বে এ অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে নদীভাঙন তীব্র আকার ধারণ করবে এবং কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদী ও বাঁধ রক্ষায় দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে।
মানববন্ধনে পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো: রঞ্জু হোসেন, সমাজসেবক আব্দুল খালেক খাঁ, মনসুর মণ্ডল, হিটলু হোসেন, রানা হোসেন ও আশাদুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।
এর আগে, ২৬ অক্টোবর পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ-সংলগ্ন বাঁধের সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। স্মারকলিপিতে রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স গঠন করে নিয়মিত স্পিডবোট টহল চালুর দাবি জানানো হয়।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ সোয়াইব বলেন, পাকশী এলাকার বাসিন্দারা একটি স্মারকলিপি দিয়েছেন এবং এ বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








