চরফ্যাশনে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চরফ্যাশন উপজেলা জামায়াত। নয়া দিগন্ত

ভোলার চরফ্যাশনে ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে চরফ্যাশন পৌর শহরের খাসমহল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন ও সেক্রেটারি আবুল কাশেমসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে ছয়জনকে হত্যার বিভিন্ন স্থিরচিত্র এবং হত্যাকারীদের শাস্তি ও বিচার দাবিতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নৃশংস ও কলঙ্কময় দিন। লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার মতো বর্বর এ ঘটনার বিচার দীর্ঘ বিশ বছরেও সম্পন্ন হয়নি। অবিলম্বে এ হত্যার সাথে জড়িত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’