
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শফিউল্লাহ (৬০) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত শফিউল্লাহ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর দক্ষিণপাড়ার মরহুম জালাল উদ্দীনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল শফিউল্লাহর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৪৪ মিলিলিটার ইনজেকশনের আনুমানিক মূল্য ছিল ছয় হাজার ৬০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় একটি মামলা করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি শফিউল্লাহকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের এই রায় দেন।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম সন্তোষ প্রকাশ করে বলেন, ‘মাদকের বিস্তার রোধে এ রায় সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থান বাস্তবায়নেও এ ধরনের রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








