
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সঙ্ঘটিত হত্যাকাণ্ডের বিচার ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরার এশিয়া পাম্প সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি ইয়াছিন আরাফাত। মডেল শাখার সেক্রেটারি মুর্তাজা হাসান ফুয়াদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আবু মুসা বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। বহু বছর পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
সভাপতির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, ‘২৮ অক্টোবরের শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। ওই দিনের ঘটনার বিচার নিশ্চিত করতে ছাত্রসমাজ সোচ্চার থাকবে।’
সমাবেশে আরো বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি হায়দার আলী ও টঙ্গী মডেল শাখার সভাপতি মইনুল ইসলাম। বক্তারা পল্টনের ঘটনা ছাড়াও বিভিন্ন সময়ে সঙ্ঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
এ সময় ছাত্রশিবিরের মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








