পল্টন ট্রাজেডি, শিবির সভাপতি, নূরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আওয়ামী লীগ, মামলা, ফ্যাসিজম
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, ‘২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। শুধু মানুষ হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করে বর্বরতার নতুন ইতিহাস রচনা করেছিল।’

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর শহীদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখার উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বলেন, ‘পল্টনের হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের মুখোমুখি করা হয়নি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হলেও রাজনৈতিক প্রভাবে তা প্রত্যাহার করা হয়। এখন সময় এসেছে মামলাটি পুনরুজ্জীবিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।’

শিবির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার মাধ্যমে ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের মাধ্যমে যে ফ্যাসিজমের সূচনা করে তারই ধারাবাহিকতায় পিলখানা গণহত্যা, শাপলা চত্বরের ন্যাক্কারজনক গণহত্যা, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধদের গণহত্যাসহ সর্বশেষ জুলাই গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের পূর্ণতা পায়।’

মহানগর শাখার সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দফতর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য প্রমুখ।

আলোচনা সভা শেষে পল্টন ট্রাজেডির ঘটনায় শাহাদাতবরণকারীদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।