
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ‘লংমার্চের সাতদফা কেবল ১১ দলের দাবি না, এটি এখন ১৮ কোটি মানুষের দাবি। জনগণের দাবি বাস্তবায়নে সরকারকে যথেষ্ট সময় দেয়া হলেও প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। আট মাসে সরকারের যেসব পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল, তার ধারেকাছেও যেতে পারেনি।’
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
মোবারক হোসেন বলেন, ‘জনগণের দাবি সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও এসব দাবি পৌঁছে দেয়ার চেষ্টা করছে ১১ দলীয় ঐক্য।’
প্রয়োজনে জনগণের স্বার্থে দাবিগুলো এক দফায় রূপ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনো ঘোষণা আসবে কীনা তা দলের সিদ্ধান্তে চূড়ান্ত হবে।
মোবারক হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন এবং লাখ লাখ মানুষ কারাবরণ করেছেন। ফলে আওয়ামী লীগের সাথে কোনো আপস করার বিষয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা দুঃখজনক।’
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। এ সময় ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








