লাশ উদ্ধার
মাওয়া নৌ পুলিশ। নয়া দিগন্ত

রাজধানী থেকে ঘুরতে এসে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের পদ্মায় গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনার প্রায় ৪৩ ঘণ্টা পর নিখোঁজ থাকা অপর যুবক রাসেলের (৩৫) লাশ উদ্ধার করেছে মাওয়া নৌ পুলিশ। 

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলের আনুমানিক ৫ কিলোমিটার অদূরে উপজেলার পুরাতন থানা জামে মসজিদ সংলগ্ন বড় নওপাড়া এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

রাসেল বরগুনা জেলার আমতলী থানার গুলশাখালী গ্রামের মরহুম আ: রহমান মৃধার ছেলে। 

বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মালেক খসরু খান নয়া দিগন্তকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘটনার ২৪ ঘণ্টা পর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের ২০০ গজ অদূরে পদ্মা থেকে নিখোঁজ মারুফ হোসেনের (৪০) লাশ উদ্ধার করা হয়। এদিন পদ্মা নদীর চায়না প্রজেক্টের স্পিড বোট ঘাটের কাছে মাওয়া নৌ পুলিশ নদীতে লাশটি ভাসতে দেখে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় তা উদ্ধার করা হয়। 

মাওয়া নৌ পুলিশ ও মুন্সীগঞ্জ  ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর খিলগাঁও থেকে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের অফিস কর্মকর্তাসহ আটজনের একটি পর্যটক দল সোমবার দুপুরের দিকে মাওয়া পুরাতন লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তারা সবাই চর ধরে হেঁটে হেঁটে পদ্মাসেতুর ৪ ও ৫ নম্বর পিলারে পশ্চিমপাশের দিকে গোসল করতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দু’জন নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল, মাওয়া নৌ পুলিশ, কোস্ট গার্ড নিখোঁজ দু’জনকে উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করে। 

পরবর্তীতে উদ্ধার কার্যক্রমের ২য় দিনে গতকাল মঙ্গলবার তাদের মধ্যে মারুফের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকা অপর স্টাফ রাসেলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, মাওয়া নৌ পুলিশ, কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মালেক খসরু খান জানান, সকালে ঘটনাস্থলের আনুমানিক পাঁচ কিলোমিটার অদূরে উপজেলার বড় নওপাড়া এলাকার পদ্মা নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ থাকা অপর পর্যটক রাসেলের লাশও উদ্ধার করা হয়। এ নিয়ে পদ্মায় ডুবে নিখোঁজ হওয়া দুইজনেরই লাশ উদ্ধার করা হয়। 

আইনগত প্রক্রিয়া শেষে রাসেলের লাশও পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।