
সুনামগঞ্জের তাহিরপুরে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন করার অভিযোগে মাদকাসক্ত ছেলে আব্দুল আলীমকে (১৯) এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল আলীম ওই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের টাকা না পেলে মা-বাবাকে শারীরিকভাবে নির্যাতন করতেন তিনি। অবশেষে নির্যাতন সহ্য করতে না পেরে তাহিরপুরের ইউএনও ও ম্যাজিস্ট্রেট রিপামনি দেবীর কাছে অভিযোগ করেন ভুক্তভোগী মা-বাবা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের অভিযানে অভিযুক্তকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্ত আব্দুল আলীমকে এক বছরের কারাদ্ণ্ড দেন ইউএনও।
তাহিরপুর থানা ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারাদণ্ডপ্রাপ্ত তরুণকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।
ইউএনও রিপামনি দেবী জানান, মাদকমুক্ত উপজেলা গড়তে প্রশাসনের পক্ষে থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








