
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যা মামলার এজাহারনামীয় দুজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দিনভর গোয়াইনঘাট থানা-পুলিশ ও র্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জের জগদল গ্রাম থেকে যৌথ অভিযান চালিয়ে গোয়াইনঘাটের চাঞ্চল্যকর বদরুল আলম হত্যা মামলার এজাহারনামীয় ২ (দুই) জন আসামিকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার ও প্রাথমিক তদন্তসূত্রে জানা যায়, নিহত বদরুল আলম দীর্ঘদিন ধরে বালু-পাথরের ব্যবসার সাথে জড়িত ছিলেন। ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে এজাহারনামীয় আসামিদের সাথে তার বিরোধ ও মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর ভোর আনুমানিক ৪টার সময় মনরতল বাজার থেকে বাড়ি ফেরার পথে গোরাগ্রাম নামক স্থানে পৌঁছালে আসামিরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা সাক্ষী ছাদেক আলীও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
পরবর্তীকালে স্থানীয়দের সহায়তায় আহত বদরুল আলম ও ছাদেক আলীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বদরুল আলমকে মৃত ঘোষণা করেন এবং আহত ছাদেক আলীকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় তার ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এ পর্যন্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








