গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে মহাসড়ক অবরোধ
কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক বিক্ষোভের মুখে মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে পুলিশ সাতটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে শ্রমিকদের সাথে পুলিশের আলোচনা চলছে।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকার এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সাথে যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় তারা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেয়ার জন্য চাপ দিতে থাকেন। এ সময় কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ আশপাশের কারখানাগুলো ছুটি ঘোষণা করে।

পরে, বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকদের একটি অংশকে লাঠি হাতে বিভিন্ন কারখানার সামনে অবস্থান করতে দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো: আমজাদ হোসাইন জানান, সকালে এসেনশিয়াল গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলন শুরু হওয়ার পর আশপাশের ১৪ থেকে ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরে সেই সব কারখানার শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নেন।

পুলিশ সুপার বলেন, প্রথমে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলেও, বিকেল ৩টার দিকে শ্রমিকরা আবার সড়কে নেমে অবরোধ তৈরি করেন। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর যানবাহন চলাচল শুরু হয়।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে শিল্প ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়কে স্থায়ীভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।