
নরসিংদীর বিভিন্ন এলাকায় টানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় জেলার বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নরসিংদীর অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষ করে মাধবদীসহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের মিল-কারখানায় বিদ্যুতের অভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে শিল্পমালিকদের পাশাপাশি শ্রমিক-কর্মচারীরাও বিপাকে পড়েছেন।
অন্যদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মসজিদে মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল-কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও দেখা দিয়েছে অচলাবস্থা। হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের আওতাধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এদিকে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার প্রকৃত কারণ এবং কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজারের কাছ থেকেও বিদ্যুৎ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ ও সরবরাহ স্বাভাবিক হওয়ার সময় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।
ভুক্তভোগীরা বলছেন, শিল্পসমৃদ্ধ নরসিংদীর মতো গুরুত্বপূর্ণ জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বিভ্রাটের প্রকৃত কারণ এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য দাবি করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








