লাশ উদ্ধার
মাওয়ার পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ২, একজনের লাশ উদ্ধার। নয়া দিগন্ত

রাজধানী থেকে ঘুরতে এসে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের পদ্মায় গোসলে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

Advertisement

দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চালানোকালে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলের ২০০ গজ অদূরে পদ্মা থেকে নিখোঁজ মো: মারুফ হোসেনের (৪০) লাশ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে লাশটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মো: রাসেল (৩৫)। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম নয়াদিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পদ্মায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল, মাওয়া নৌ পুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ ওই দুজনকে উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম আরো জানান, সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অভিযান চলাকালে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মারুফ হোসেনের লাশ ঘটনাস্থলের ২০০ গজ অদূরে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা। পরে লাশটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে নিখোঁজ মো: রাসেলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে বলে জানান তিনি।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মালেক খসরু খান নয়াদিগন্তকে জানান, দুপুর আড়াইটার দিকে পদ্মা নদীর চায়না প্রজেক্টের স্পিডবোট ঘাটের কাছ থেকে মারুফের লাশ উদ্ধার হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রাজধানীর খিলগাঁও থেকে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের অফিস কর্মকর্তাসহ আটজনের একটি পর্যটক দল সোমবার দুপুরের দিকে মাওয়া পুরাতন লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তারা সবাই চর ধরে হেঁটে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের পশ্চিম পাশের দিকে গোসল করতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন। পরবর্তীতে মঙ্গলবার তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়।