রামগড় আন্তর্জাতিক পেসেঞ্জার টার্মিনাল, বিশ্বব্যাংক, প্রতিনিধি দল, প্রদর্শন
রামগড় আন্তর্জাতিক পেসেঞ্জার টার্মিনাল পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক পেসেঞ্জার টার্মিনাল (স্থলবন্দর) উন্নয়ন প্রকল্পের কাজ দেখতে বন্দর এলাকা পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। 

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার বিশ্বব্যাংকের কার্যালয় থেকে আসা পাঁচ সদস্যের এই দলটি রামগড় উপজেলার মহামুনি এলাকায় অবস্থিত টার্মিনালে যান। দলে একজন নেপালি নাগরিকও ছিলেন।

দলের সদস্যরা হলেন সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুসরাত নাহিদ ববি, সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কির্তী নিশান চাকমা, পরিবেশ বিশেষজ্ঞ মো: সাহেদ মাহবুব চৌধুরী, সোশ্যাল ডেভেলপমেন্ট কনসালট্যান্ট ড. রাফেজা আক্তার ও ট্রান্সপোর্ট কনসালট্যান্ট সুনীল কুমার পোদ্দার। সফরকালে প্রতিনিধিরা প্রকল্প-সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় করেন এবং বন্দর এলাকার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে টার্মিনালের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো: রুহুল আমিন ও রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান। তারা প্রকল্পের বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন।

প্রকল্প পরিচালক রুহুল আমিন বলেন, ‘নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই বিশ্বব্যাংকের প্রতিনিধি দল অবকাঠামোগুলো পরিদর্শন করেছে।’