মাদকবিরোধী অভিযান, মাদক, কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালত
মাদকবিরোধী অভিযানে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা। নয়া দিগন্ত

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত তহিরুলকে (৪৬) এক বছর এবং সেন্টু (৫৮), সজীব (৩৬), মহিদুল (৫০) ও মতিয়ারকে (৩৭) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন ভেড়ামারার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: গাজী আশিক বাহার। অভিযানকালে ভেড়ামারা থানা পুলিশ, আনসার সদস্য ও ইউএনও কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউএনও আমিরুল বলেন, ‘মাদকের মরণকামড় থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এ উদ্যোগ। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ আপোষহীন সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।’