বিএনপির এমপির বিরুদ্ধে আ’লীগ নেতা-কর্মীদের পুনর্বাসনের অভিযোগ 
রাজশাহী নগরীর অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। নয়া দিগন্ত

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন এবং অনিয়মের প্রতিবাদ করায় নিজ দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন । এ সময় তারা পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের প্রত্যাহার দাবি করেন।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীর ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় বক্তব্য দেন পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী এবং সাবেক ছাত্রনেতা আহসান হাবিব।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সম্প্রতি সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পল্লব সেনগুপ্ত ও আওয়ামী লীগকর্মী মাজহারুল ইসলাম মিন্টুকে সাথে নিয়ে যান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের এভাবে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পুঠিয়া-দুর্গাপুরের বিভিন্ন সরকারি পুকুর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে দিয়ে চাষ করানো হচ্ছে। এ ছাড়া সরকারি ডিলারশিপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনেও স্বজনপ্রীতি এবং আওয়ামীপন্থী ব্যক্তিদের প্রাধান্য দেয়ার অভিযোগ তোলা হয়। সরকারি ও দলীয় অনুদান এবং উন্নয়নকাজের থোক বরাদ্দের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন অভিযোগকারীরা। এসব বিষয়ে প্রশ্ন তোলার জেরে দুর্গাপুর পৌর ছাত্রদল ও যুবদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে যুবদল নেতা দেলোয়ার সরকার আল-আমীন বলেন, এমপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করলেই বিএনপির নেতাকর্মীদের মামলার মুখোমুখি হতে হচ্ছে। গত ১৩ আগস্ট একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তাঁকেসহ বিএনপির নয়জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এছাড়া গত ১১ অক্টোবর চারজন নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়। সংসদ সদস্যের চাপ এবং পুঠিয়া থানার ওসির সহযোগিতায় এসব মামলা রেকর্ড করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সাবেক ছাত্রনেতা আহসান হাবিব জানান, এমপির ভাতিজার জামাতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব খান শ্বশুরবাড়িতে অবস্থান করে সরকার পতনের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাঁকেও মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে।

বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী বলেন, নির্বাচনের আগে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এমপির পক্ষে অবস্থান না নেওয়ায় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে এবং আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করা হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের অপসারণ দাবি করা হয়।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ভাতিজা তানজিম আরিন ফোন রিসিভ করে জানান, সংসদ সদস্য বিশ্রামে থাকায় এ বিষয়ে এখন কথা বলা সম্ভব নয়। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।