
মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার (২২) নামের এক যুবক হত্যাকাণ্ডের জেরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের অর্ধশত ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এ তাণ্ডব চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন, জহির ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকে করে এসে বোরকা পরা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং জহির ও মহসিন নামের দুই ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তাইজুল ও আল আমিন নামের দুজনকে কুপিয়ে জখম করেন।
আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের জেরে সোমবার ভোরে আলীনগর ইউপির সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতঘরে হামলা চালিয়ে আগুন দেয় নিহত তাইজুলের স্বজন ও বিক্ষুব্ধরা। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিলনের অর্ধশত কর্মী-সমর্থকের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং বসতঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্দী এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি এবং ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া আহত মহসিন চৌকিদার ও জহির চৌকিদার কালকিনির কালিনগরের মোতালেব চৌকিদারের ছেলে এবং অপর আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্দী এলাকার বারেক সরদারের ছেলে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








