
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে সেচযন্ত্রের পানি দেয়ার ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে শরিফুল ইসলাম (১৯) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা পশ্চিমপাড়া বেড়িবাঁধসংলগ্ন খানবাড়ি ঈদগাহের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম হাবাসপুর এলাকার মফিজ খানের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে শরিফুল বাড়ি থেকে সেচযন্ত্রের পানি দেয়ার ফিতা নিয়ে খানবাড়ি ঈদগাহসংলগ্ন পদ্মার নালে ধুতে যায়। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার মা সুমি খাতুন ও প্রতিবেশী নবী হোসেন খালের পানির নিচ থেকে শরিফুলকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, শরিফুল ইসলাম জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। তিনি সাঁতারও জানতেন না। ধারণা করা হচ্ছে, খালে ফিতা ধোয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাবাসপুর এলাকায় পদ্মার খালে গিয়ে পানিতে ডুবে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








