
নড়াইল সদর উপজেলায় সাপ ধরে খেলা দেখানোর সময় সেই সাপের দংশনে আহত হয়েছেন গোলাম রাব্বানী (৬২) নামে এক ওঝা। এ সময় ঘাতক সাপটিকে ব্যাগে ভরে সাথে নিয়ে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওঝা গোলাম রাব্বানী ও তার পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে প্রতিবেশী হান্নান খানের বাড়ির রান্নাঘরে দু’টি গোখরা সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে সাপ দু’টি ধরতে সেখানে যান গোলাম রাব্বানী।
একপর্যায়ে একটি সাপ মেরে ফেললেও অন্যটি ধরে ফেলেন তিনি। এরপর সেই সাপ নিয়ে বাড়ির পাশের দোকানে এসে উপস্থিত সবাইকে তিনি সাপের খেলা দেখান। খেলা দেখানো শেষে ব্যাগে ঢোকানোর সময় সাপটি গোলাম রাব্বানীর হাতে দংশন করে। এ সময় সাপটি ধরে ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তিনি।
প্রতিবেশী তাসলিমা বেগম জানান, সাপের দংশনে আহত গোলাম রাব্বানী সাপটি নিয়ে হাসপাতালে যান। সেখানে রোগী ও স্বজনদের মাঝে ভয়ের সৃষ্টি হওয়ায় তিনি সাপটি বাড়িতে পাঠিয়ে দেন। প্রায় পাঁচ হাত লম্বা গোখরা সাপটি এখন গোলাম রাব্বানীর বাড়িতে সংরক্ষিত আছে।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন বলেন, সাপের দংশনে আহত গোলাম রাব্বানীকে এখানে (হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








