ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের বিএনপির জনসভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল । নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে আমাদের বিএনপির নেতাকর্মীদের আত্মবিশ্বাস থাকবে এটাই স্বাভাবিক, তবে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ আত্মতুষ্টি মানুষকে পিছিয়ে দেয়।’

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভুল্লি উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের উচিত এই এলাকার ভোটারদের নিকট গিয়ে আমাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরা। বিশেষ করে ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী থাকাকালে যেসকল উন্নয়ন কাজের সূচনা করেছেন তা তুলে ধরতে হবে। এর মধ্যে ভুল্লি ও রুহিয়া উপজেলা গঠন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করাসহ আরো অনেক কাজ রয়েছে। ভোটারদের বোঝাতে হবে যে উন্নয়নের কাজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরু করেছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য তারই ছোট ভাই বিএনপির ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’

এ সময় ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন তার বক্তব্যে বলেন, ‘আমার বাবা ছিলেন এই এলাকার এমপি ও মন্ত্রী। আমার ভাইও ছিলেন এই এলাকার এমপি ও মন্ত্রী। বর্তমানে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন। আপনারাই ভালোবেসে তাদেরকে নির্বাচিত করেছিলেন। আপনাদের কাছে আমার পরিবার চিরঋণী। সেই ঋণ শোধ করার জন্য এবার আমার সুযোগ দরকার। আপনারা যেভাবে অতীতে আমার পরিবারের পাশে ছিলেন, আমি বিশ্বাস করি এবারও ধানের শীষে ভোট দিয়ে আমার পাশে থাকবেন। তাই আগামী ২৯ তারিখে সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন।’

বিএনপি নেতা আনিসুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল্লাহ চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ অন্যান্য নেতারা।

এদিকে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঠাকুরগাঁওয়ের গড়েয়া, শুকানপুখরী, পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পথসভা, উঠান বৈঠকসহ গণসংযোগ করেছেন ১১ দলের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন। 

আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় শেষ হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।