
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সাথে সর্বদলীয় মতামতের ভিত্তিতে ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এসব দাবি জানান।
দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘সর্বদলীয় মতামতের ভিত্তিতে ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। অন্যথায় ওই প্রক্রিয়ার বাইরে অনুষ্ঠিত কোনো নির্বাচনে তারা অংশ নেবেন না।’
বাংলাদেশে এ ধরনের নির্বাচনী প্রক্রিয়া হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলায় একদলীয় নির্বাচন করতে গিয়ে বিএনপিকে আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছিল। পরবর্তী সময়ে ২০০৮ সালের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ নিজেদের মতো করে নির্বাচন করেছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, বাংলাদেশ একই রাজনৈতিক চক্রে ঘুরপাক খাচ্ছে।
এদিকে আগামী ৩০ অক্টোবর ঢাকার শাহবাগে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন নাহিদ ইসলাম।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








