বিএনপির বহিষ্কৃত নেতা কাঞ্চন মোল্লা
বিএনপির বহিষ্কৃত নেতা কাঞ্চন মোল্লা। নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো: কাঞ্চন মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, রোববার (২৫ অক্টোবর) উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো: হুমায়ুন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দল থেকে বহিষ্কৃত বিএনপি নেতা কাঞ্চন মোল্লা উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কাঞ্চন মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, কাওছার হাওলাদার হত্যা মামলায় কাঞ্চন মোল্লা ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে বহিষ্কারের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, ‘শুধু ৬ নম্বর আসামি নয়, পলাতক সব আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

এর আগে, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলা এলাকায় যুবদল কর্মী কাওছার হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর ঢাকায় পালিয়ে যাওয়ার সময় ওই রাতেই পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেফতার করে উজিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের কথা জানায় পুলিশ।

এ ঘটনায় নিহত কাওছারের ভাই মোস্তফা হাওলাদার শনিবার (২৪ অক্টোবর) উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রোববার বিক্ষোভ ও মানববন্ধন করেন সর্বস্তরের এলাকাবাসী।