
পলাশে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান পাপনকে গুলি করে আহত করার মামলায় নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদ্যস্য (এমপি) কামরুল আশরাফ খানকে গ্রেফতার দেখানো হয়েছে। কামরুল আশরাফ খান ২০২৩ সালের নয়াপল্টনে যুবদল নেতা শামীম হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া, তিনি ৫৮১ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলার আসামি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক রুমাইয়া আক্তার সিফা আসামি কামরুল আশরাফ খানকে ওই মামলায় গ্রেফতারের আদেশ দেন। বাদি পক্ষের আইনজীবী ও নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান পাপনকে গুলির নির্দেশদাতা হিসেবে কামরুল আশরাফ খান জড়িত থাকার বিষয়টি আদালতের নজরে এনে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ চায়। পরে বিচারক গ্রেফতারের আদেশ জারি করেন।
অ্যাডভোকেট কানিজ ফাতেমা জানান, ২০২৩ সালের ১৬ জানুয়ারি বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সারা দেশের মতো নরসিংদীর পলাশে ছাত্রদল এক বিক্ষোভ মিছিল আয়োজন হয়। মিছিল শেষে বাড়ি ফেরার পথে থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের পথরোধ করে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পায়ে গুলিবর্ষণ করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতা পলাশ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলির নির্দেশদাতা হিসেবে সাবেক এমপি কামরুল আশরাফ খানের নাম তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








