অগ্নিকাণ্ড
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় আগুন, আহত চীনা নাগরিক। নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে জিনলিয়ান ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে মিস্টার উইলসন (৫০) নামে এক চীনা নাগরিক আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাত ১০টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ২০ হাজার বর্গফুটের দোতলা স্টিল স্ট্রাকচার ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের প্রচেষ্টা চালাতে হয়। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টা ৫৮ মিনিটে সম্পূর্ণ নেভানো হয়।

ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা আল আমিন খানের নেতৃত্বে আগুন নেভানোর কার্যক্রম পরিচালিত হয়। 

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আহত চীনা নাগরিকের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের শিকার এই প্রতিষ্ঠানটি এর আগে ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচনায় আসে বলে জানা গেছে।