
নীলফামারী জেলা সদরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো ছুরির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পথরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বড় ভাই হলেন কেতাব উদ্দীন (৭০) এবং অভিযুক্ত ছোট ভাই আবুল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে কেতাব উদ্দীন ও তার ছোট ভাই আবুল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আবুল হোসেন ঘর থেকে ধারালো ছুরি এনে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করেন। এতে বড় ভাই কেতাব উদ্দীন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিতে তার মৃত্যু হয়।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক শাহ জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে ছোট ভাই আবুল হোসেনের ছুরির আঘাতে বড় ভাই কেতাব উদ্দীন গুরুতর আহত হয়। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








