ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি
ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তিনি ডাকাতের কবলে পড়েন। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি।

Advertisement

জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে বক্তা রফিকুল ইসলাম মাদানি ডাকাতের কবলে পড়েন। তাৎক্ষণিক তিনি ফেসবুক লাইভে এসে তাকে রক্ষা করার আকুতি জানান।

তিনি লাইভে এসে জানান, সড়কের মধ্যে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছে। তার গাড়ি একটু দূরে থাকায় তিনি রক্ষা পেয়েছেন। ডাকাতরা রামদা নিয়ে ডাকাতি করছেন। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

তিনি আরো জানান, ডাকাতদের দেখে তার গাড়িচালক গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারণে তারা রক্ষা পেয়েছেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, ডাকাতির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।