
চুয়াডাঙ্গায় শহরের প্রাণকেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির জন্য বাসি খাবার রেখে দেয়ার অভিযোগে ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২৬ অক্টোবর) সদর হাসপাতাল রোড এলাকায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের কলেজ রোড, হাসপাতাল রোড ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় বাজার তদারকি অভিযান চালানো হয়। এ সময় গ্যাস, ওষুধ, খাদ্যপণ্য ও লন্ড্রিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখা হয়।
অভিযানকালে ঢাকা বিরিয়ানি হাউজে গিয়ে দেখা যায়, সেখানে কাঁচা ও রান্না করা গোশত অত্যন্ত অস্বাস্থ্যকরভাবে খোলা ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া গ্রাহকদের কাছে পরিবেশনের জন্য বাসি খাবারও জমিয়ে রাখা হয়েছিল। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো: আবিল শরীফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে খাদ্যপণ্য বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। এছাড়া লন্ড্রিগুলোকে যথাযথ সেবা দেয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক মূল্যে পণ্য কেনা-বেচা, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ বা শিশুখাদ্য বিক্রি না করার কঠোর নির্দেশনা দেয়া হয়।
অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








