
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায়কে হত্যার অভিযোগে দিনাজপুর মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সৈয়দপুর ও দিনাজপুর মহাসড়কের ডাঙ্গারহাট এলাকায় অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন স্থানীয় বাসিন্দারা।
অবরোধের ফলে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে কিছু সময়ের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।
কর্মসূচীতে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় তারা।
উল্লেখ্য, পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নস্থ নয়া মোল্লাপাড়া গ্রামে রোববার দুপুরে বসতবাড়ির রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায়কে (৫৫) মারধর করে। এতে ওই শিক্ষক ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) আব্দুল ওয়াদুদ, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত আসাদুজ্জামান (৩৬) নামে এক যুবককে ঘটনাস্থল থেকেই আটক এবং গভীর রাতে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড়হাশিমপুর সরকার পাড়া থেকে আলোম হোসেন আলোকে (৪০) আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ছেলে চন্দন কুমার রায় বাদি হয়ে মামলা করেছেন। এজাহারভুক্ত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








