
কুড়িগ্রামে নাগেশ্বরীতে খানাখন্দকে চলাচল অনুপযোগি হয়ে পড়েছে বাসস্ট্যান্ড থেকে ওয়াপদা সড়ক। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চরম দুর্ভোগে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা।
দুধকুমার নদীর পূর্বে অবস্থিত উপজেলার কচাকাটা, কেদার, বল্লভেরখাস, নারায়ণপুর ইউনিয়ন ও বামনডাঙ্গার কিছু অংশের সাথে নাগেশ্বরী সদরের সংযোগ স্থাপনকারী সড়ক নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে বামনডাঙ্গা ওয়াপদা ঘাট। ওই এলাকার বৃহৎ জনগোষ্ঠির সাথে পশ্চিম দুধকুমারের বেরুবাড়ী ইউনিয়ন, বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা, ওয়াপদা বাজার, পাটেশ্বরী, মমিনগঞ্জ, বোয়লেরডারা, পৌরসভার হরিরপাট, ভৈষতুলি, ভুষিটারী, ফকিরটারী, বানিয়াপাড়া, মাস্টারপাড়া, চৌবাড়ী পয়রাডাঙ্গাসহ কালীগঞ্জ, ভিতরবন্দ, নুনখাওয়া ইউনিয়নের মানুষ চলাচল করে।
দীর্ঘদিন সংস্কারবিহীন এই সড়কে ইটবাহী অনিবন্ধিত ট্রলি ও ট্রাক্টরের চলাচলে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। প্রতিনিয়ত এর গভীরতা বাড়ছে। অসাবধানতায় সেখানে পা ঢুকে মচকে যায়। উল্টে যায় যানবাহন।
বৃষ্টি হলে অবস্থা আরো ভয়াবহ। খানাখন্দে পানি জমে ঢেউ খেলে। হাটা পথে পা মচকে অথবা যানবাহন উল্টে পড়ে গিয়ে কাদামাটিতে মাখামাখি হয়ে ফিরতে হয় বাসায়। ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা।
এ পথে যাতাযাতকারী আ: ছালাম, বাবু মিয়া, আলতাফ হোসেনসহ অনেকে জানান, এখন এটি যেন সড়ক নয় আস্ত মরণফাদ। দুর দুরান্তের অনেকে দুর্ভোগ এড়াতে দীর্ঘ পথ ঘুরে নাগেশ্বরীতে যাতায়াত করে। অথচ দীর্ঘদিন ধরে এ অবস্থায় পড়ে আছে গুরুত্বপূর্ণ সড়কটি। দ্রুত এর সংস্কার দাবি করেন তারা।
উপজেলা প্রকৌশলী এম এ ওয়াহেদ বলেন, ‘সড়কটি সংস্কারে ইতোমধ্যে আমফান প্রকল্প থেকে টেন্ডার করা হয়ে গেছে এবং ঠিকাদার নিযুক্ত হয়েছে। ঠিকাদারকে আমরা চিঠি দিয়েছি অতিসত্তর কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘব করতে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








