
সিরাজগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ (২৩) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত জিসান গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হাসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এ সময় যমুনা নদীতে গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
পরে এনায়েতপুর থানা পুলিশ, বেলকুচি ফায়ার সার্ভিস দিনভর চেষ্টার পর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় জিসানের লাশ উদ্ধার করা হয়।
মৃতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল বলেন, ‘খবর পেয়ে আমরা চলে এসেছি লাশ গ্রহণের জন্য।’
রাতেই সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ওসি জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন লাশ গ্রহণের জন্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








