উজিরপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের কর হয়। নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বাবা।  

Advertisement


রোববার (২৫ অক্টোবর) উজিরপুর মডেল থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন।

 

২২ অক্টোবর সকালে উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরীর বাবা পেশায় রাজমিস্ত্রি। প্রতিবেশী জাকির হোসেন দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের গভীর নলকূপ থেকে পানি এনে ঘরে রাখে তার মেয়ে। পরে বাড়ির পশ্চিম পাশে ডোবার পাড়ে কলমিশাক তুলতে গেলে জাকির তার পথরোধ করেন। কথা বলতে রাজি না হয়ে চলে যাওয়ার চেষ্টা করলে জাকির তার হাত ও মুখ চেপে ধরেন। এরপর পাশের একটি রান্নাঘরের মেঝেতে ফেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরীর চিৎকার শুনে ময়না নামের এক নারীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

 

কিশোরীর বাবা বলেন, ঘটনার সময় তিনি কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ফিরে মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে।

 

অভিযুক্ত জাকির হোসেনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।