নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২, মোটরসাইকেল ছিনতাই
গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ীতে ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। প্রথম ঘটনায় বেগমগঞ্জে এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়েছে। এর ছয় ঘণ্টা পর সোনাইমুড়ীতে এক প্রবাসী গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এবং রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে এ গুলির ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বড় নেওয়াজপুর গ্রামের কামরুল হাসান (২৪) এবং সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের জামাল উদ্দিন।

আহত জামাল উদ্দিন জানান, শনিবার রাতে বাড়ির কাছে একটি চায়ের দোকানে বসে মোবাইলফোনে কথা বলছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর কয়েক বছর আগে দেশে ফেরেন জামাল উদ্দিন। আসন্ন নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ থেকে সম্প্রতি এলাকায় পোস্টারও লাগিয়েছেন তিনি। তবে গুলির ঘটনার সাথে তার নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জামাল উদ্দিনকে গুলি করার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, আহত কামরুল হাসান জানান, তিনি চট্টগ্রামে দর্জির কাজ করেন। দুই দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে খালাতো ভাই রাকিবকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাহাদুরপুর যাচ্ছিলেন তিনি। পথে বাংলাবাজার এলাকায় কয়েকজন তাদের গতিরোধ করে গুলি ছোড়ে। এতে তার বুকের ডান পাশে ও ডান বাহুতে গুলি লাগে। এ সময় হামলাকারীরা তাদের মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী কামরুল হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাহু ও পেটের ওপরের অংশে গুলির আঘাত রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির জানান, ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।