সাতকানিয়ায় শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার
সাতকানিয়া থানায় গ্রেফতার ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামি। নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত মো: ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আসামিরা সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ডেলিপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা মারা যাওয়ার পর সে মায়ের সাথে একটি ভাড়া বাসায় বসবাস করত। গত ২০ অক্টোবর মায়ের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী হোসনে আরা নামের এক নারী তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তাকে পানির সাথে চেতনানাশক পদার্থ খাইয়ে অচেতন করার পর ইমন ও আবছারসহ কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এ দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল আলীম জানান, ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।