
ভোলার লালমোহন উপজেলায় ১৬৯ পিস ইয়াবাসহ মো: শরিফ চৌধুরী (২৬) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার (২৫ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে লালমোহন পৌরসভার গুদিরপুল এলাকা থেকে শরিফকে আটক করা হয়। পরে তাকে লালমোহন থানায় সোপর্দ করে কোস্টগার্ড।
শরিফ চৌধুরী লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার মোড় এলাকার লালু মিয়ার ছেলে এবং উপজেলা ছাত্রদলের কমিটির সদস্য ছিলেন।
এদিকে, রোববার বিকেলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নির্দেশে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আরিফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শরিফ চৌধুরীকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হলো। একই সাথে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম মজুমদার জানান, শনিবার রাতে কোস্টগার্ড শরিফ চৌধুরীকে ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








