
গাজীপুরের কালিয়াকৈরে দেয়াল ধসে মাটির নিচে চাপা পড়ে আছিয়া আক্তার রিপা (৩৫) নামে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আছিয়া আক্তার রিপা ওই এলাকার মরহুম আনোয়ার হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ ঘরে রান্না করছিলেন আছিয়া। এ সময় পাশের একটি মাটির ঘর ভাঙার কাজ করছিলেন সুলতান নামে এক ব্যক্তি।
অভিযোগ রয়েছে, ঘর ভাঙার আগে পাশের ঘরের বাসিন্দাদের সতর্ক করা হয়নি। একপর্যায়ে দেয়াল ভাঙার সময় দেয়ালের একটি অংশ ধসে আছিয়ার রান্নাঘরের উপর পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে আছিয়া গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর থেকে সুলতান পলাতক রয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, দেয়ালচাপায় এক নারীর মৃত্যুর খবর তিনি শুনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








