রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। নয়া দিগন্ত

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে এক হাজার ২৩৬তম দলের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেছেন, সমাজে দ্বিনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।

মাহফুজুর রহমান রিটন বলেন, বিগত ১৭ বছরে দাড়ি-টুপি ও ধর্মীয় পরিচয়ের কারণে অনেকে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে কেউ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা নয়, বরং মানুষের অধিকার, মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি রূপরেখা। এর মূল লক্ষ্য হলো, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।

একাডেমির উপপরিচালক ডা: মো: আসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে এ কে এম মুজাহিদুল ইসলাম বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং খেলোয়াড়দের সুযোগ সৃষ্টিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের উদ্যোগ প্রশংসনীয়। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই মানবিক উন্নয়নের পরিচয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে আরো মানবিক, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেয়া বিভিন্ন মসজিদের ইমামসহ ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।