চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি। সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের দায়ে চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের আব্দুর রবের ছেলে বাসচালক মো: আলতাফ (২৫), চালকের সহকারী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে রাব্বি (২১) ও বাসের সুপারভাইজার ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদর হাট বাজারের চুন্নু মাতাব্বরের ছেলে সাগর ওরফে সজিব মাতাব্বর (২৪)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমরাও খান দিপু জানান, ধর্ষণের শিকার ওই নারী গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে উঠেন। পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে যান।

পরে চলন্ত বাসে আসামিরা ওই নারীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। এ সময় ভয় দেখিয়ে ওই নারী যাত্রীর কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও মোবাইলফোন ছিনতাই করে নেয় তারা।

পরদিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামায়। এ সময় ভুক্তভোগী নারী ওই এলাকায় টহলে থাকা হাইওয়ে পুলিশের কাছে ঘটনা খুলে বলেন। হাইওয়ে পুলিশ বাসসহ অভিযুক্তদের আটক করে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওই দিনই টাঙ্গাইল সদর থানায় ভুক্তভোগী নারী মামলা করেন।

টাঙ্গাইল সদর থানার ওসি (তদন্ত) ভীক্টর ব্যানার্জী তদন্ত শেষে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার শেষে রায় ঘোষণার পর আসামিদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।