উদ্ধারকৃত বিদেশী আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও সাউন্ড গ্রেনেড
উদ্ধারকৃত বিদেশী আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও সাউন্ড গ্রেনেড। নয়া দিগন্ত

সিলেট নগরীর খাদিমনগরে একটি জঙ্গল থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও পুলিশের লুণ্ঠিত একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এসএমপির এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
 
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্রে তৈরি একটি ওয়ান শুটার পাইপগান, চারটি পাওয়ার জেল, চারটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, চারটি শর্টগানের কার্তুজ ও একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড। তবে এ সময় এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি-৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে এসআরবির একটি দল তল্লাশি চালায়। একপর্যায়ে জঙ্গলে পড়ে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে এসব আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

রোববার (২৫ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।