কিশোরগঞ্জ-মহাখালী সড়ক
সকাল থেকে কিশোরগঞ্জ ও মহাখালী—কোনো দিক থেকেই দূরপাল্লার বাস চলাচল করেনি। নয়া দিগন্ত

কিশোরগঞ্জ-মহাখালী সড়কে পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পথে চলাচলকারী যাত্রী ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েছেন।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের গাইটাল বাস টার্মিনালে গিয়ে জানা যায়, সকাল থেকে কিশোরগঞ্জ ও মহাখালী—কোনো দিক থেকেই দূরপাল্লার বাস চলাচল করেনি। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে অনেক যাত্রীকে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন ও পুরোনো বাস চলাচল নিয়ে কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতি ও মহাখালী টার্মিনাল মালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত শনিবার সন্ধ্যা থেকে এ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তের টার্মিনালে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো: মুরাদ রেজা বলেন, ‘কিশোরগঞ্জ থেকে মহাখালী সড়কে পাঁচটি বেসরকারি কোম্পানির শতাধিক বাস চলাচল করে। দীর্ঘদিন ধরে মহাখালী টার্মিনালের লোকজন চাঁদাবাজি করে আসছেন। এর জেরেই বাস চলাচল বন্ধ রয়েছে।’

কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো: আনিছুজ্জামান বাবুল বলেন, ‘যাত্রীসেবা উন্নত করতে কিশোরগঞ্জের অনন্যা পরিবহনে বেশ কিছু নতুন বাস যুক্ত করা হয়েছে। কিন্তু মহাখালী টার্মিনালের লোকজন তাদের পুরোনো বাস জোর করে পরিবহনে যুক্ত করতে চান। এ ছাড়া প্রতিটি বাসে চাঁদাবাজি করা হয় এবং সামান্য অজুহাতে কাউন্টার বন্ধ করে দেয়া হয়। এসব কারণে সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

এ বিষয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক সমিতি ও শ্রমিক নেতাদের মধ্যে আলোচনার চেষ্টা চলছে। দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হচ্ছে।’