নিহত
নলডাঙ্গা থানা। নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় গেদি বেগম (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন।

Advertisement

রোববার (২৫ অক্টোবর ) বেলা পৌনে ১২টার দিকে পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত গেদি বেগম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো: বনি ইসরাইলের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা পৌনে ১২টার দিকে গেদি বেগম অটো ভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলডাঙ্গা থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপাতিল রেলব্রিজ সংলগ্ন মো: ওমিদুল শেখের মিলের উত্তর পাশে নলডাঙ্গা-পাটুল পাকা রাস্তার ওপর পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি পাটবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানার জরুরি ডিউটি অফিসার এসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহতের লাশ এবং দুর্ঘটনা কবলিত পাটবোঝাই ট্রাকটি চালকসহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আটক ট্রাক চালক মো: কাইসার (৩৭) নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার মো: নুরুর ছেলে। তিনি পাট নিয়ে পণ্ডিতগ্রাম এলাকার সিদ্দিকের গোডাউনে যাচ্ছিলেন বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে  আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’