
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের উত্তর কুরুয়া ভূঁইয়াপাড়া নুরিয়া ইবতেদায়ী মাদরাসার উদ্যোগে এবং ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিস কেয়ারের সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে মানবিক ডাক্তার হিসেবে পরিচিত চিকিৎসক ইকবাল হোসেন নিজামী প্রায় ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
মাদরাসার প্রধান সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে আয়োজিত এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবক ও দলিল লেখক জিয়া উদ্দিন বাবলু। কার্যক্রমে সহযোগিতা করেন প্রজন্ম মিরসরাইয়ের সাবেক সভাপতি রহিম উদ্দিন, ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিস কেয়ারের পরিচালক সাদেকুল ইসলাম সোহাগ, মমিনুল ইসলাম শাহীন, ইফতেখার উদ্দিন রাবিত, শাহরিয়ারসহ অন্যরা।
মেডিক্যাল ক্যাম্প শেষে ডা: ইকবাল হোসেন নিজামী ও ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিস কেয়ারের পরিচালক সাদেকুল ইসলাম সোহাগের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উত্তর কুরুয়া ভূঁইয়াপাড়া নুরিয়া ইবতেদায়ী মাদরাসা কর্তৃপক্ষ।
মাদরাসার প্রধান সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতা ও নানা কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না।
তিনি আরো বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে তাদের কিছুটা হলেও উপকার করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।
তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী চিকিৎসক, ডক্টরস পয়েন্টের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








