সিলেটে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ, অভিযুক্ত গ্রেফতার
এসআরবি-৯-এর অভিযানে গ্রেফতার অভিযুক্ত শিহাব আহমদ । নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাটে উপবৃত্তির জন্য ছবি তোলার কথা বলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে শিহাব আহমদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। 

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ অভিযুক্তকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক শিহাব গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের বশির উদ্দিনের ছেলে।

এসআরবি-৯ জানায়, গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বারহাল বাজারের ইলিয়াছ মার্কেটের সামনে ওই ছাত্রীর সাথে শিহাবের দেখা হয়। ছাত্রীর বাবার নির্দেশে উপবৃত্তির আবেদন করার জন্য ছবি তোলা হবে জানিয়ে তাকে মার্কেটের দ্বিতীয় তলায় একটি স্টুডিওতে যেতে বলেন শিহাব। ছাত্রীটি সরল বিশ্বাসে সেখানে গেলে শিহাব তার পিছু নেন। পরে সিঁড়ির পাশের দেয়ালের আড়ালে নিয়ে মুখ চেপে ধরে তার পোশাক ছিঁড়ে আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণ করেন। এ ঘটনা কাউকে জানালে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় অভিযুক্ত শিহাব।

এসআরবি জানায়, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে ওই ছাত্রীর আপত্তিকর ছবি এবং ভিডিও তার বাবা ও ভাইয়ের মুঠোফোনে পাঠানো হয়। এছাড়া আল আমিন আহমদ নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে সেইসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার পাওয়া গেছে।

এ ঘটনায় ছাত্রীর বাবা গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় এসআরবি-৯-এর সিপিএসসি সিলেট ও সিপিসি-৩ শায়েস্তাগঞ্জের যৌথ দল অভিযান চালিয়ে শিহাবকে গ্রেফতার করে।

এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শিহাবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।