
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশী কৃষকদের মারধরের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সাধারণ কৃষকরা একজোট হয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।
শনিবার (২৪ অক্টোবর) বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতীয় ৬২ ব্যাটালিয়নের বিএসবাড়ি বিএসএফ সদস্যরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডের প্রায় ১০০ গজ অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় তারা কোনো প্রকার উস্কানি ছাড়াই জমিতে কাজ করা বাংলাদেশী কৃষকদের ওপর চড়াও হয়ে মারধরের চেষ্টা চালায়।
পরে বাংলাদেশী কৃষকরা তাৎক্ষণিকভাবে একজোট হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় কৃষকরা তীব্র প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান গ্রহণ করেন এবং সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই সীমান্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার বিষয়ে জানতে ৬১ বিজিবি (রংপুর ব্যাটালিয়ন) অধিনায়কের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








