পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় গ্রেফতার চারজন
পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় গ্রেফতার চারজন। নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাতকানিয়া উপজেলার পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হন। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এ সময় ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যাওয়ার পথে সাতকানিয়া থানা পুলিশের একটি গাড়িতে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। এ সময় আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সদস্যদেরও বাধা দেয়া হয়।

এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো: জাহেদ ১৩ জনকে এজাহারনামীয় ও পাচ-ছয় শ’ জনকে অজ্ঞাত আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও হামলার সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল আলীম জানান, দায়েরকৃত মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।