কুপিয়ে হত্যা
লালমোহনে নিহত যুবদল নেতা মো: ফিরোজ (৪৫)। নয়া দিগন্ত

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মো: ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার সুপারম্যাক্স হেলথকেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান এলাকার ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত ফিরোজ ওই বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি তিন মেয়ে ও এক ছেলেসন্তানের জনক।

জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে তার নিজস্ব জমিতে শিমগাছ রোপণ করে সেখানে বাঁশের ঝোপ দেন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ওই ঝোপ কাজলের স্ত্রী জান্নাত কেটে ফেলেন। নামাজ পড়ে ফিরোজ তা দেখতে পেয়ে তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে গুরুতর আহত অবস্থায় ফিরোজকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 

তবে ফিরোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন। তবে ফিরোজের শারীরিক অবস্থার আরো অবনতি হলে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যান। শনিবার বিকেলে ঢাকার সুপারম্যাক্স হেলথকেয়ার লিমিটেড নামে ওই বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে লালমোহন থানার এসআই মো: নূরুল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’