উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
পুলিশের হাতে আটক অভিযুক্ত মারুফ বিন হাবিব । ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়ার রহিম সরকারের ছেলে। আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে অভিযুক্ত মারুফ বিন হাবিব ভুক্তভোগী আকরামকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে লাশ বাড়ির আঙিনায় ফেলে রাখেন।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদুল রহমান হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিব নামে একজনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ভুক্তভোগীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।