
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘১১ দলীয় ঐক্যের প্রার্থী মজলুম নেতা দেলাওয়ার হোসেনকে এমপি বানালে ঠাকুরগাঁওকে একটি মডেল ঠাকুরগাঁওয়ে পরিণত করতে পারবেন। কারণ তিনি দুর্নীতিমুক্ত, সৎ, চরিত্রবান ও জনবান্ধব নেতা।’
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড়মাঠ) আয়োজিত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভায় তিনি এসব কথা বলে।
গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতের এমপিরা কোনো দুর্নীতির সাথে নেই। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই।’
প্রধান বক্তার বক্তব্যে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, ‘আমি এমপি হলে এই আসনের তিনটি উপজেলায় মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৬০০ শয্যায় উন্নীত করা, বেকারদের কর্মসংষ্থান সৃষ্টি, নারীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেই সাথে সরকারি বরাদ্দের একটি টাকাও তছরুপ করা হবে না।’
তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা জানতে পেরেছি, আপনারা কেউ কেউ ছাত্রজীবনে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। কিন্তু মনে রাখবেন যে চেয়ারে আপনারা বসে আছেন সেটি নিরপেক্ষ চেয়ার। সুতরাং সরকারি দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন। পক্ষপাতিত্ব করে নির্বাচনী ফলাফল ছিনতাই হলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। আমরা ঠাকুরগাঁওয়ে মাগুরার মতো নির্বাচন দেখতে চাই না। যদি এমনটা হয় তাহলে ঠাকুরগাঁও থেকেই বিএনপির পতনের অন্দোলন শুরু হবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস ড. এনামুল হক, জাগপার সহ-সভাপতি ও মূখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের রংপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








