ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন । নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (৩২) ও আসিফ (২৬) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সৌরভ দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা। তবে নিহত অপরজনের ঠিকানা এখনো জানা যায়নি। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের কমপক্ষে ১৫ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গত শুক্রবার রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি বাস সিলেটের উদ্দেশে রওনা দেয়। শনিবার সকালে বাসটি ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়। 

তিনি আরো জানান, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।