
সিলেটে থামছেনা ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো সাতজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১১ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯ জন।
শনিবার (২৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত সাতজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যালে তিনজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আট, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচ, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৭১১ জনের মধ্যে হবিগঞ্জে ৩০১, সুনামগঞ্জে ১৬৪, সিলেটে ১৫৩ এবং মৌলভীবাজারে ৬৭ জন রয়েছেন।
এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, আগের ২৪ ঘণ্টায় সিলেটে ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। চলতি বছরে সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাসের (৫২) মৃত্যু হয়।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যালে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








