বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, বিএনপি, গাছ
মৃত মো: রফিকুল ইসলাম। নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রফিকুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বুড়িচং পৌরসভার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রফিকুল হরিপুর গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে। তিনি বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পর রফিকুল বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা একটি জামগাছের ডাল কাটতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মো: আজগর তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ওসি (তদন্ত) মঞ্জরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।