
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে সাত কেজি গাঁজাসহ মো: হাসিবুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া (ক্লাবপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসিবুল ওই এলাকার মরহুম হাবিবুর ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসিবুলকে সাত কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিবুল দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত বলে জানা গেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় হাসিবুলের বিরুদ্ধে মেহেরপুরের গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় এসআরবি-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








